প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৫৫ পিএম
(ভিজিট : ১৯)
জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা (ইছাখালী) স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সাথে ছিলেন তাঁর সুযোগ্য সহধর্মিনী সামানাজার শামা খান।
হাসপাতালে পৌঁছালে সংসদ সদস্য ও তাঁর সহধর্মিনীকে আন্তরিক অভ্যর্থনা জানান রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জয়নাব জামিলা।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ (আউটডোর), এবং জরুরি বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান, ওষুধ সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজ নেন।
সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, "রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের সরকার ও প্রশাসন বদ্ধপরিকর। হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে এবং রোগীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জয়নাব জামিলা হাসপাতালের বর্তমান কার্যক্রম, জনবল সংকট ও বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। সংসদ সদস্য সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং আন্তরিকতার সাথে রোগীদের সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
উক্ত পরিদর্শন ও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড দেবব্রত বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান, প্রেসক্লাব সভাপতি ইলিয়াস তালুকদার ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।