বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


উত্তরা থেকে সচিবালয়ের দিকে শিক্ষার্থীরা
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:২৯ পিএম  (ভিজিট : ১৪)
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীরা। উত্তরায় অবরোধ শেষ করে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

আজ বুধবার (১৫ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে মিছিল নিয়ে রওনা দেন শিক্ষার্থীরা।

এর আগে, বুধবার দুপুরে পরীক্ষা শেষে বিএনএস সেন্টার এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক এবং দুর্ভোগ সৃষ্টিকারী। তাই পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

পরীক্ষার্থীরা জানান, মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনও ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এই লং মার্চ পালন করছেন তারা। আজকের পরীক্ষা শেষ হওয়ার পরই কর্মসূচি শুরু হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মাঝেও সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা সড়কে নামেন।

এদিকে, শিক্ষার্থীদের এ কর্মসূচি ঘিরে সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]