প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম
(ভিজিট : ১৮)
টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত লোহাগড়ার পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। দুর্গম এলাকায় নৌকা ও পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া হয় এসব সহায়তা।
রোববার (১২ জুলাই) সকাল থেকে দিনব্যাপী লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। পরে বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এবং আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পানিবন্দী পরিবারের কাছেও খাদ্যসামগ্রী পৌঁছে দেন নেতাকর্মীরা। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ত্রাণ বিতরণকালে ফৌজুল কবির ফজলু বলেন, বন্যার কারণে অনেক এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া ছিল অত্যন্ত কঠিন। কিন্তু মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি পরিবারে সহায়তা পৌঁছে দিয়েছেন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা—দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হবে। যার যা সামর্থ্য আছে, তা নিয়েই অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সাতকানিয়া-লোহাগড়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নগদ অর্থ, শুকনো খাবার এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। যতদিন মানুষের প্রয়োজন থাকবে, ততদিন আমাদের এই মানবিক কার্যক্রম চলবে।” এদিকে টানা বৃষ্টিতে লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখনো পানিবন্দী। বহু পরিবার খাদ্যসংকটে দিন কাটাচ্ছে। বিভিন্ন গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল আলম কোম্পানী, ইমামুল আবেদীন রিপন, আলাউদ্দিন বাচ্চু, বেলাল হোসাইন রানা, আনোয়ার হোসেন, মো. জাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্যসচিব রমজানুল কবির জয়, যুবদল নেতা মোরশেদ আলম, বিএনপি নেতা মো. সেলিম, তছলিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা মো. কায়েস উদ্দিন, এহেছানুল হক আহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হোসেন, মো. ইকবালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।