সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে নাহিদ ইসলাম: ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণই সরকারের জবাব দেবে’
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২৭ পিএম  (ভিজিট : ৫১)
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ থেকে দেশব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে আয়োজিত পদযাত্রা ও পথসভায় দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি সরকারের বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, ‘জাতীয় নির্বাচনে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি সেই সনদ অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা এবং জাতির সঙ্গে বেইমানি করেছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দেবে।’

সোমবার বিকেলে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে গাজীপুর জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক এম. এম. শোয়াইব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমন। এই কর্মসূচির মাধ্যমে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এনসিপির মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল, তা দেশের মানুষ জানে। গণঅভ্যুত্থানের পর কেউ লন্ডন থেকে, কেউ সিলং থেকে এসে নেতৃত্বের দাবি করছে। তিনি বলেন, ‘যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, তাহলে জুলাই আন্দোলনের নেতৃত্বের দাবিও ছেড়ে দিতে হবে।’

তিনি জাতীয়তাবাদের নামে ব্যবসা ও সীমান্ত হত্যা বন্ধ, বিদ্যুৎ সংকট নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কার দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজ এলাকাতেই মাদক নির্মূল করতে পারছেন না। তাহলে সারা দেশে কীভাবে মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবেন?’

নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ হাদী, কালীগঞ্জের ওমর ফারুকসহ সকল শহীদের হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেন।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার এবং গাজীপুর জেলা ছাত্রশক্তির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহিন। এ সময় জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]