সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


গ্রামীণ উন্নয়নেই টেকসই সমৃদ্ধির ভিত্তি
বাগেরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৮ সদস্যকে ২.৬০ লাখ টাকা ঋণ বিতরণ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম  (ভিজিট : ৭)
         
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ, পুরস্কার প্রদান এবং বৃক্ষচারা বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন, সরকারি পি.সি. কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলিমুজ্জামান, বিআরডিবির উপপরিচালক মো. দেলোয়ার হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি গ্রামীণ উন্নয়ন। গ্রামকে স্বনির্ভর, উৎপাদনমুখী ও আধুনিক হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি বলেন, বিআরডিবির বিভিন্ন প্রকল্প নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে তিনি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বিআরডিবির আটজন সদস্যের মধ্যে মোট ২ লাখ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী নয়জন শিক্ষার্থী এবং ছয়টি সফল সমিতিকে পুরস্কৃত করা হয়। পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও সম্প্রসারণ, সমবায়ভিত্তিক উদ্যোগ জোরদার এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমেই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]