প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম
(ভিজিট : ৯)
পল্লী উন্নয়নকে দেশের টেকসই অগ্রগতির প্রধান ভিত্তি উল্লেখ করে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল আলিম বলেছেন, "গ্রাম উন্নত হলে দেশ উন্নত হবে, আর গ্রামের পরিবর্তনের মধ্য দিয়েই সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।" তিনি পল্লীর অর্থনীতি, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সোমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপিকা তরফদার। বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, পল্লী উন্নয়ন সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব। এজন্য পল্লী উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।ছবি সংযুক্ত আছে।