মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


শান্ত-মুশফিকও ফিরে গেলেন ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৩৬ পিএম  (ভিজিট : ৯)
হারারে টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনেও স্বস্তি ফেরেনি বাংলাদেশের শিবিরে। শুরুতে মাহমুদুল হাসান জয়কে হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম কিছুটা আশা জাগালেও, দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের দ্রুত বিদায়ে আবারও চাপে পড়ে সফরকারীরা।

তৃতীয় ইনিংসে ২৩০ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা বাংলাদেশ দিনের শুরুতেই ধাক্কা খায়। আগের দিনের সঙ্গে মাত্র এক রান যোগ করতেই ২৩ রান করে গালিতে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। এরপর মুমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্লেসিং মুজারাবানির বলে তৃতীয় স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত ক্যাচে ১৩ রান করে ফেরেন তিনি।

দল তখন বিপদে থাকলেও চতুর্থ উইকেটে লড়াই গড়ে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ে তারা ৬৫ বলে পঞ্চাশ রানের জুটি গড়েন। শান্ত ছিলেন বেশ সাবলীল, আর মুশফিক সময় নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করছিলেন।

তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। নিউম্যান নিয়ামুরির নিচু ফুলটসে লাইন মিস করে বোল্ড হন শান্ত। ৩০ বলে ২৪ রান করে ফেরার মধ্য দিয়ে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটির ইতি ঘটে।

অধিনায়কের বিদায়ের দুই ওভার পর সাজঘরে ফেরেন মুশফিকও। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের আউটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৭ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও প্রয়োজন আরও ১৫৩ রান, হাতে আছে মাত্র পাঁচ উইকেট।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]