প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:১৯ পিএম
(ভিজিট : ৫)
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতির কথা বলে, তা বাস্তবতার প্রতিফলন নয়; বরং এটি কেবল রাজনৈতিক বক্তব্য ও বাস্তবতা বিকৃত করার চেষ্টা।
আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি বিশ্বাসযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা জোরদার করার পরিবর্তে তাদের ওপর অতিরিক্ত চাপ ও বোঝা সৃষ্টি করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আঞ্চলিক দেশগুলোর নিজেদেরই নেওয়া উচিত এবং বাইরের শক্তির সামরিক উপস্থিতি স্থিতিশীলতার পরিবর্তে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করে।
এদিকে হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ ওঠার পর জাহাজ চলাচলে নিরাপত্তা সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে আন্তর্জাতিক ম্যারিটাইম অরগানাইজেশন (আইএমও)। এতে যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক সমঝোতা চুক্তি টিকবে কি না, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্রিটিশ নৌ-পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর কয়েক ঘণ্টা আগেই ইরান সতর্ক করে জানিয়েছিল, তাদের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথ ব্যবহার করলে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না।
মার্কিন দুই কর্মকর্তা দাবি করেছেন, জাহাজটিতে ইরান হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তেহরান।
ইরানের গঠিত পারসিয়ান গালফ স্ট্রেইট অথোরিটি জানিয়েছে, তারা নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায় নেবে না। সংস্থাটি বলেছে, অনুমোদনহীন পথে চলাচলের সব দায় জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ক্যাপ্টেনের।
সূত্র: আল-জাজিরা