প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:১২ পিএম আপডেট: ১৪.০৬.২০২৬ ৪:৩৭ পিএম (ভিজিট : ৯)
সৌম্য সরকার ফিরলেন শুরুতে, নাজমুল হোসেন শান্ত আর তানজিদ তামিমও ইনিংস বড় করতে পারেননি। এরপর লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয় মিলে বাংলাদেশকে পথে ফেরান। ৪৮ রান করে লিটন ক্র্যাম্প হওয়ায় মাঠ ছেড়ে যেতে বাধ্য হন। এরপর হৃদয় ও মোসাদ্দেক জোড়া ফিফটি করেন। চোটের কারণে লিটনও শেষদিকে ফিরে ফিফটি পূর্ণ করেন। এতে বাংলাদেশ চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়াকে।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ২৭৪ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৩ রান করেন তাওহিদ হৃদয়। এছাড়া লিটন ৫৮ ও মোসাদ্দেক করেন ৫৫ রান।
এদিন টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম্য। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ৪ বল খেলে ২ রান করেন সৌম্য। পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন তানজিদ তামিম। ম্যাট রেনশর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন রাইলি মেরেডিথের হাতে। এতে ভাঙে ৫৬ বল স্থায়ী ৫১ রানের জুটি। ২০ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন তামিম।
শান্তকেও ফেরত পাঠান রেনশ। সুইপ করতে গিয়ে বোল্ড হন শান্ত। ৫০ বলে ২৪ রান করে আউট হয়েছেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে এসেই বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। এরপর লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয় মিলে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন বাংলাদেশের হাতে। তবে পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় লিটনকে। এতে ছেদ পড়ে ৯২ রানের জুটিতে। আহত হয়ে মাঠ ছাড়ার আগে ৪৮ রান করেন লিটন।
এরপর মোসাদ্দেক নেমেই আক্রমণ শুরু করেন। ৩৬ ও ৩৭, পরপর দুই ওভারে তার ব্যাট থেকে আসে ৩ চার। অপরপ্রান্তে ফিফটি পূর্ণ করার পর হৃদয়ও রানের গতি বাড়ান। ৪৬তম ওভারে ফেরার আগে ৮৮ বলে ৮৩ রান করেন তিনি। হৃদয় ফেরার পরের ওভারে ব্যক্তিগত ৪৩ বলে ফিফটি পূর্ণ করেন মোসাদ্দেক। ৪৮ রানে থাকা অবস্থায় পায়ের পেশীতে টান লেগে উঠে লিটন মাঠে ফেরেন ৪৯তম ওভারে। ফিরেই তুলে নেন মিরপুরে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন জাভিয়ের বার্টলেট ও ম্যাট রেনশ।