শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ২৭)
যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দুটি জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে তারা বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি ও কুয়েতের আলি আল সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালায়।

আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করা’ দুটি তেলবাহী ট্যাংকারেও হামলা চালানো হয়েছে। সংগঠনটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

আইআরজিসি জানায়, এই জলপথ দিয়ে চলাচলকারী সব ধরনের জাহাজ, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক নৌযান এর প্রভাবের মধ্যে পড়বে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘোষণা দেয় যে তারা ইরানের ভেতরে ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ নতুন হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এটি ছিল ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ জবাব। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির পাশে অবস্থিত কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলের কারগান শহরেও বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

সবশেষ এই উত্তেজনা শুরু হয় একদিন আগে। তখন হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনা কেন্দ্র করে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালায়। ইরান জানিয়েছে, বুধবার (১০ জুন) তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহর, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি ও জর্ডানের আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপের পাশাপাশি সিরিক, জাস্ক ও বন্দর আব্বাস বন্দরে বোমা হামলা চালায়। তেহরানের দাবি, মার্কিন হামলায় দুটি পানির সংরক্ষণাগার ধ্বংস হয়েছে ও একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১০ জুন) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প অভিযোগ করেন, শান্তিচুক্তি নিয়ে আলোচনায় ইরান ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে। তিনি বলেন, চুক্তির কী হয়, তা দেখা যাবে। আমরা চুক্তির খুব কাছাকাছি ছিলাম। কিন্তু তারা আমাদের ঘুরিয়েই যাচ্ছে। তারা আমাদের বোকা বানানোর চেষ্টা করছে।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ইরান শান্তিচুক্তি নিয়ে আলোচনায় খুব বেশি সময় নিয়েছে ও এখন তাদের মূল্য দিতে হবে। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দেন, ইরান যদি কোনো চুক্তিতে সই করতে রাজি না হয়, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানো হতে পারে।

এর জবাবে এক্সে দেওয়া পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোই মানুষের জীবনরেখা। পরিবহন নেটওয়ার্ক, বিদ্যুৎ ও পানি খাতকে লক্ষ্যবস্তু করার হুমকি শক্তির প্রদর্শন নয়। এটি একটি জাতির দৃঢ়তার সামনে হতাশার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, নিজেদের বিশেষজ্ঞদের জ্ঞান, সক্ষমতা, জাতীয় ঐক্য ও সংহতির ওপর ভর করে ইরান যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]