রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের সংবাদ সম্মেলন।
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:১৯ পিএম  (ভিজিট : ১৭৯)
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১২টায় ভালুকা পৌর এলাকার ‘হরিণ’ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হরিণ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই ধানের শীষের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কর্মী-সমর্থকরা তার কর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকায় তার নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে হেনস্তা করা হয়। এ ছাড়া ৪নং ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে তার কর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে তার কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও অটোরিকশা বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

মোর্শেদ আলম বলেন, “এই পরিস্থিতিতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী উন্মুক্ত থাকলে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলা ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেফতার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]