মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ইরানে নতুন সামরিক হামলা আপাতত স্থগিত রাখছেন ট্রাম্প
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম  (ভিজিট : ১১)
ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এসব দেশের মধ্যে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত রয়েছে।
সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এবং পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা জানান। তিনি বলেন, আপাতত হরমুজ প্রণালিতে নৌ অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে। তবে সেগুলো ব্যবহারের প্রয়োজন হবে বলে তিনি মনে করছেন না।

তিনি আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এসব দেশ নতুন করে সামরিক হামলা চায় না। ইরানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ ঘোষণা দেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ বন্ধের চেষ্টা আরো জোরদার হয়েছে।
 
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। সংঘাত শুরুর আট মাসের বেশি সময় পার হয়েছে। ট্রাম্প মনে করছেন, শিগগিরই বড় ধরনের যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা কম। তবে ইরানের দেওয়া বর্তমান যুদ্ধবিরতির প্রস্তাব তিনি মেনে নিতে রাজি নন।

যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও শিগগিরই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

এদিকে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার রাতভর দেশটির কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া ইয়েমেনে ইরানের মিত্র হুতি গোষ্ঠীও সৌদি আরবে হামলা চালিয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি গত সপ্তাহে তেহরান সফর করেন। এরপর তিনি ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। দুই বৈঠককেই ইতিবাচক বলে উল্লেখ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আল থানি লেখেন, একটি চুক্তিতে পৌঁছানো এবং এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

তবে ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত আলোচনা নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধ করা। ইরান যে সাতটি শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্রের এখন সেগুলো মেনে নেওয়া উচিত।

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবে কয়েকটি শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বোমা হামলা বন্ধ করা। এর বিনিময়ে হরমুজ প্রণালিতে নিজেদের অবরোধ তুলে নেবে ইরান। এরপর দেশটির পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে।

তবে যুক্তরাষ্ট্র বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের শর্তগুলোকে ‘আপত্তিকর, হাস্যকর ও বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি সোমবার প্রস্তাবটির পক্ষে কথা বলেন। তিনি বলেন, আলোচনার টেবিলে থাকা প্রস্তাবগুলোর মধ্যে এটিই সবচেয়ে যুক্তিসংগত।
 
এদিকে গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ইরান যুদ্ধকে দায়ী করেছেন। তাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও রয়েছেন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক চাপ বাড়ছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন, শিগগিরই কূটনৈতিক আলোচনায় বড় কোনো অগ্রগতি হবে না।

সোমবার একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা আনোয়ার গারগাশ। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো কঠিন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তা চলতে পারে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে দ্রুত কোনো সমাধান বা এ অঞ্চলে স্থিতিশীলতা কোনোটিই নিশ্চিত করা যাবে না।

গত জুনে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন জেডি ভ্যান্স। এবারও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে কাতার দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটি দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান এবং মতপার্থক্য দূর করার চেষ্টা করছে।
 
এদিকে পুরো অঞ্চলজুড়েই যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, তিনি ট্রাম্পকে জানিয়েছেন, আঙ্কারা নতুন করে উত্তেজনা বাড়ুক, তা চায় না। সাংবাদিকদের এরদোয়ান বলেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। তবে পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। এটি ঠেকাতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে।

এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক প্রাদেশিক কর্মকর্তা জানান, রোববার রাতে কেশম দ্বীপে হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো বা সেবা কার্যক্রমের কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল দেশটির রাডারব্যবস্থা। এসব রাডার আকাশ প্রতিরক্ষা ও জাহাজ চলাচলের পথ নির্ধারণে ব্যবহার করা হয়। এ ছাড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সমুদ্রে মাইন স্থাপনের ব্যবস্থাও হামলার লক্ষ্য ছিল।
 
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলোর গত সপ্তাহের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার ঘটনা অনেক বেড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এই মাসেই সবচেয়ে বেশি হামলার খবর পাওয়া গেছে।

সাধারণত জাহাজে ক্ষেপণাস্ত্র বা অন্য অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটলেও ইরান তা স্বীকার করে না। তবে রবিবার দেশটি জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি তেলবাহী জাহাজ মাইনে আঘাত পেয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদক জানান, গত ১০ দিনে ১১টি তেলবাহী জাহাজ অচল হয়ে পড়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]