ভেনেজুয়েলার জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি)। দেশটির দীর্ঘদিন ধরে উৎপাদন সংকটে থাকা সান ক্রিস্টোবল তেলক্ষেত্রের উৎপাদন পুনরুদ্ধারে আগামী এক বছরে প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে সংস্থাটি।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ কোটি টাকার সমান।
একসময় দৈনিক ৪৫ হাজার থেকে ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদনের সক্ষমতা ছিল সান ক্রিস্টোবল ক্ষেত্রটির। বর্তমানে সেখান থেকে উৎপাদন নেমে এসেছে মাত্র ৪ হাজার থেকে ৫ হাজার ব্যারেলে। অর্থাৎ অতীতের সর্বোচ্চ উৎপাদনের তুলনায় বর্তমানে উৎপাদন প্রায় ৯০ শতাংশ কম।
মার্কিন নিষেধাজ্ঞা, ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পিডিভিএসএর পরিচালনাগত দুর্বলতাকে এই পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
ওএনজিসির বিদেশি বিনিয়োগ শাখা ওএনজিসি বিদেশ (ওভিএল) ইতিমধ্যেই সান ক্রিস্টোবল তেলক্ষেত্র পরিচালনার জন্য মার্কিন অনুমোদন পেয়েছে। এই প্রকল্পে পিডিভিএসএর মালিকানা ৬০ শতাংশ এবং ওভিএলের অংশীদারি ৪০ শতাংশ।
প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, পিডিভিএসএর অংশের অর্থও আপাতত ওএনজিসি বহন করতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পে প্রয়োজনীয় অর্থ সংস্থাটি অগ্রিম বিনিয়োগ করবে এবং পরবর্তী সময়ে তেল উৎপাদন থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে সেই বিনিয়োগের টাকা পুনরুদ্ধার করবে।
সান ক্রিস্টোবলের পাশাপাশি ভেনেজুয়েলার আরো তেলসম্পদে অংশীদারি বাড়ানোর বিষয়ে আগ্রহী ওএনজিসি। চলতি বছরের জুনে ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, সান ক্রিস্টোবল ও কারাবোবো-১ প্রকল্পে পিডিভিএসএ-র সম্পূর্ণ বা আংশিক মালিকানা অধিগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
কারাবোবো-১ প্রকল্পে বর্তমানে ওভিএলের অংশীদারি ১১ শতাংশ। ভারতের অন্য দুই সংস্থা ইন্ডিয়ান অয়েল এবং অয়েল ইন্ডিয়ার মালিকানা রয়েছে ৩.৫ শতাংশ করে।
স্পেনের জ্বালানি সংস্থা রেপসোল-এর অংশ ১১ শতাংশ। অবশিষ্ট ৭১ শতাংশের মালিক পিডিভিএসএ।
সান ক্রিস্টোবল প্রকল্পে উৎপাদন বাড়াতে পারলে ওএনজিসির আর্থিক লাভের আরও একটি সম্ভাবনা তৈরি হতে পারে। ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে আটকে থাকা ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি লভ্যাংশ বা বকেয়া অর্থ ফেরত পাওয়ার আশা করছে ভারতীয় সংস্থাটি। উৎপাদন ও তেল বিক্রির কার্যক্রম স্বাভাবিক হলে এই অর্থ পুনরুদ্ধারের পথ তৈরি হতে পারে।
গত কয়েক বছরে ভেনেজুয়েলার তেল উৎপাদন ধারাবাহিকভাবে কমেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট, মার্কিন নিষেধাজ্ঞা এবং পিডিভিএসএর কার্যক্রম পরিচালনার সীমাবদ্ধতা এর পিছনে রয়েছে।
এদিকে, গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর দেশটির জ্বালানি খাতে মার্কিন নিয়ন্ত্রণ ও অনুমোদন ব্যবস্থার গুরুত্ব আরো বেড়েছে। বিদেশি সংস্থাগুলিকে তেলক্ষেত্র পরিচালনা, উৎপাদিত তেল বিক্রি এবং সংশ্লিষ্ট রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে মার্কিন অনুমোদনের শর্ত মেনে চলতে হচ্ছে। এই পরিস্থিতিতে সান ক্রিস্টোবল প্রকল্পে ওএনজিসির প্রস্তাবিত বিনিয়োগ ভেনেজুয়েলায় ভারতের জ্বালানি স্বার্থ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।