জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি যথেষ্ট নয়, এখন প্রয়োজন সেগুলোর বাস্তবায়ন। এ লক্ষ্য সামনে রেখে এবারের সম্মেলনকে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন হিসেবে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) আন্তালিয়ায় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মুরাত কুরুম বলেন, বৈশ্বিক সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, ঋণের চাপ, খাদ্যনিরাপত্তাহীনতা ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো সংকটের সঙ্গে জলবায়ু সংকটও গভীরভাবে জড়িত। একটি সংকট অন্য সংকটকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনকে এখন আর বিচ্ছিন্ন কোনো বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। খরা, বন্যা, পানির সংকট ও তীব্র তাপপ্রবাহ খাদ্য উৎপাদন, সরবরাহব্যবস্থা, অর্থনীতি, অভিবাসন, নগরজীবন ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। বিশ্বের এক প্রান্তে খরা দেখা দিলে তার প্রভাব অন্য প্রান্তের মানুষের খাবারের টেবিলেও পড়ছে।
কুরুম বলেন, প্যারিস জলবায়ু চুক্তির আওতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য এখনো আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রমের প্রধান নির্দেশক। কপ-৩১-এ জলবায়ুবিজ্ঞান যে বাস্তবতার কথা তুলে ধরছে, তা স্পষ্টভাবে উপস্থাপন করা হবে।
সম্মেলনের উদ্বোধনী দিনে প্রকাশিত বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের জলবায়ু পরিস্থিতিবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড সংরক্ষণ শুরুর পর গত ১২ বছর ছিল সবচেয়ে উষ্ণ। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার চারটি বছর ছিল সর্বশেষ চার বছর।
কপ-৩১ প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আলোচনায় গৃহীত সিদ্ধান্তের সুফল মানুষের দৈনন্দিন জীবনে পৌঁছাতে হবে। জ্বালানিসাশ্রয়ী ভবন, পরিবেশবান্ধব গণপরিবহন, সাশ্রয়ী জ্বালানি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জলবায়ু কার্যক্রমের বাস্তব সুফল নিশ্চিত করতে হবে।
জ্বালানি খাতে বিদ্যুতায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি তুরস্কের ‘৩৫ বাই ৩৫’ বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকারের কথা তুলে ধরেন। এ উদ্যোগের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার উন্নয়ন, জ্বালানি সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবহন ও সবুজ শিল্পায়নের ওপর জোর দেন তিনি।
জলবায়ু অর্থায়নের বিষয়ে কুরুম বলেন, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের যে লক্ষ্য বাকু সম্মেলনে নির্ধারিত হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সব উৎস থেকে জলবায়ু অর্থায়ন বাড়িয়ে বছরে অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রতিশ্রুতির সঙ্গে অর্থায়ন যুক্ত করতে হবে। সেই অর্থ বিনিয়োগে কাজে লাগাতে হবে এবং বিনিয়োগের মাধ্যমে দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে হবে।
কপ-৩১-এর প্রেসিডেন্ট অব নেগোসিয়েশনস ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কী অর্জন করা সম্ভব, তা দেখানোর সুযোগ তৈরি করেছে কপ-৩১।
তিনি বলেন, জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ তৈরি, বিদ্যুতায়ন ত্বরান্বিত করা এবং সমুদ্র ও প্রকৃতি সুরক্ষায় কার্যক্রম জোরদার করা এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য। প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যকার ব্যবধান কমিয়ে বিনিয়োগ, অবকাঠামো, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং দুর্যোগসহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, জীবাশ্ম জ্বালানির দামের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর এবং বাড়ছে মূল্যস্ফীতি। তবে নবায়নযোগ্য জ্বালানি ইতিমধ্যে বড় ধরনের অর্থনৈতিক সুফল দিচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতির সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে বিশ্বের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে। তাই কপ-৩১-এর আলোচনা ও কর্মপরিকল্পনায় এমন উদ্যোগ নিতে হবে, যা জলবায়ু লক্ষ্যমাত্রাকে বাস্তব সুফলে রূপান্তর করতে পারে।
সম্মেলনের প্রথম দিনের বিশেষ কর্মসূচিতে খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যনিরাপত্তা, কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্যের ওপর বাড়তে থাকা ঝুঁকি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
সম্মেলনে বলা হয়েছে, চলমান সুপার এল নিনো পরিস্থিতির কারণে প্রায় পাঁচ কোটি অতিরিক্ত মানুষ তীব্র খাদ্যসংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে খাদ্য উৎপাদন, পানি ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে জলবায়ু সহনশীল করে তোলার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
এ লক্ষ্যে কপ-৩১ প্রেসিডেন্সি, তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জলবায়ু ও স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক উদ্যোগের অংশীদারদের সহযোগিতায় ‘আন্তালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ চালু করা হয়েছে। এর মাধ্যমে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
কৃষি খাতে নারী ও তরুণদের অংশগ্রহণ এবং তাঁদের জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। নারী কৃষকদের নিয়ে উচ্চপর্যায়ের সংলাপে জলবায়ু অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া ‘দ্য আনফান্ডেড হাফ’ শীর্ষক একটি যৌথ প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
অন্যদিকে, তরুণ কৃষকদের সংলাপে কৃষি, পানি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। শিশু ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মেলনে বিশেষ প্যাভিলিয়নও চালু করা হয়েছে।
মঙ্গলবার তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘টারকোয়েজ নেক্সাস ইনিশিয়েটিভ’ চালুর কথা রয়েছে। এর মাধ্যমে খাদ্যব্যবস্থার রূপান্তর, টেকসই পানি ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজনের উদ্যোগগুলোকে সমন্বিত করার পরিকল্পনা রয়েছে।
দুই সপ্তাহব্যাপী কপ-৩১ সম্মেলনে জাতিসংঘের আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ব্লু জোনে। অন্যদিকে, গ্রিন জোনে সরকারি সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, নাগরিক সমাজ ও তরুণেরা জলবায়ু মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ ও সমাধান তুলে ধরবেন।
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে যাওয়ার লক্ষ্য সামনে রেখে শুরু হওয়া এবারের সম্মেলনে আগামী দুই সপ্তাহে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, খাদ্যনিরাপত্তা, কৃষি ও অভিযোজনের ক্ষেত্রে কী ধরনের কার্যকর সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।