প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:১৯ পিএম
(ভিজিট : ৬)

পাকিস্তানের সীমান্তবর্তী ওয়াজিরিস্তান অঞ্চলে বেসামরিক মানুষের বাড়িঘর ও একটি বাজার লক্ষ্য করে গুলি চালিয়েছে আফগান তালেবান। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার পাকিস্তানের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ ওয়াজিরিস্তান লোয়ারের ডেপুটি কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মঙ্গলবার কোনো উসকানি ছাড়াই এ হামলা চালানো হয়। এর জবাবে পাকিস্তানি বাহিনী জোরালোভাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনায় মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
আফগান তালেবান সম্প্রতি বলেছিল, পাকিস্তানের সঙ্গে তাদের বিরোধ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এর কয়েক দিন পরই নতুন করে এ সহিংসতার ঘটনা ঘটল। একসময় মিত্র থাকলেও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন বিরোধ বাড়ছে। দুই দেশের বিরোধের প্রধান কারণ সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের রাজধানী কাবুলের তালেবান সরকার সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে।
তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জঙ্গি তৎপরতা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশের মধ্যে চলমান সংঘাতে এ বছর শত শত মানুষ নিহত হয়েছেন।