সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম  (ভিজিট : ১৯)

তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার।’

তিনি জানান, তৈরি পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে রোববার সন্ধ্যায় সচিবালয়ে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এর আগে রোববার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। আন্দোলনের কারণে এসব শিল্পাঞ্চলের তিন শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কারখানা বন্ধ ছিল। অন্যদিকে গাজীপুরে ছুটি ঘোষণা করা হয় শতাধিক কারখানায়।

এদিকে তৈরি পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]