সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিট : ২৩)
কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে কর্মজীবনে তার কোনো প্রভাব থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের পেশাদারত্ব, শৃঙ্খলা এবং নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএসের পুলিশ ও আনসার ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসের কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের কাজের ওপর নির্ভর করে।

কর্মজীবনে শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কর্মকর্তাদের সব সময় নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা প্রতিপালন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও আনসার ক্যাডারের কর্মকর্তাদের কাজের ধরন অন্য ক্যাডারগুলোর তুলনায় আলাদা। তাঁদের অনেক সময় সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হয়। এসব ক্ষেত্রে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বুদ্ধিমত্তা, পেশাদারত্ব এবং উপস্থিত বুদ্ধি জরুরি।

আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে কোনো অবস্থাতেই যেন ক্ষমতার অপব্যবহার না হয়, সে বিষয়ে নবীন কর্মকর্তাদের সতর্ক করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]