প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম
(ভিজিট : ২১)
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও বিশৃঙ্খলা অব্যাহত থাকলে কারখানার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন মালিকেরা। এমন সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিজিএমইএ সভাপতি বলেন, স্থিতিশীল কর্মপরিবেশ ছাড়া কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রাখা সম্ভব নয়।
তিনি বলেন, অধিকাংশ মালিকই কারখানা চালু রাখতে চান। শ্রমিকেরাও কাজ চালিয়ে যেতে আগ্রহী। কিন্তু বারবার সংঘটিত অস্থিরতার কারণে শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মাহমুদ হাসান খান বাবু বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করেছে এবং শ্রমিকদের বিষয়টি জানানো হয়েছে। এরপরও বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে।
তিনি অভিযোগ করেন, শ্রমিক পরিচয়ে একটি ক্ষুদ্র গোষ্ঠী বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি করছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, পরিস্থিতির উন্নতি না হলে কারখানার কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে মালিকেরা নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।