সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


শ্রমিক বিক্ষোভের মধ্যে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম  (ভিজিট : ১৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে জরুরি বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডেইলি স্টার। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টা অংশ নিতে পারেন।

এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের আন্দোলন এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর মধ্যে রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন মজুরি নির্ধারণে রোববার সকালে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী। তবে বোর্ড গঠনের ঘোষণার পরও বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সচিবালয়ে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকার আগে থেকেই সংবাদমাধ্যম এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রোববার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। এরপরও সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে জনদুর্ভোগ তৈরি হয়েছে। তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

নতুন মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব মো. আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনকে রাখা হয়েছে।

এ ছাড়া তৈরি পোশাকশিল্পের জন্য মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হলেও চলমান বিক্ষোভ ও শ্রমিক অসন্তোষ পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]