শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ফ্যাসিবাদী শক্তি ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে ফের মাঠে নামতে হবে: নাহিদ
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:১৩ পিএম  (ভিজিট : ২১)

ফ্যাসিবাদী শক্তি ও বর্তমান সরকারের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে তরুণ ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশে পতিত স্বৈরাচারের পাশাপাশি নতুন স্বৈরাচারের উত্থান ঘটছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে এনসিপির আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবি আদায়ে এ কর্মসূচির আয়োজন করে দলটি।

নাহিদ ইসলাম বলেন, ‘শুনেছি পতিত স্বৈরাচার নাকি ডিসেম্বরে দেশে আসবে। আমরা জানি, সেই স্বৈরাচারকে এই নতুন স্বৈরাচার কোনোভাবেই মোকাবিলা করতে পারবে না। কারণ তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারেনি, জনগণকে কীভাবে রক্ষা করবে? তাই তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের জনগণকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। মুজিববাদী ফ্যাসিবাদী শক্তি এবং এই দুর্নীতিবাজ মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আবারও রাস্তায় নামতে হবে।’

জুলাই সনদ ও গণভোটের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আয়োজিত গণভোটে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন বলে তাঁরা মনে করেন। সেই গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেন নাহিদ। একই সঙ্গে ব্যর্থতার দায়ে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। কিন্তু বর্তমানে দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর ভাষায়, পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার—উভয়কেই পরাজিত করতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ও নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত এক সপ্তাহে এনসিপির নেতারা ঢাকার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছ থেকে গ্যাসসংকট, বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও ব্যবসায়ীদের নানা ভোগান্তির কথা শুনেছেন।

নাহিদের অভিযোগ, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি এ ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চাপান।

সংবিধান সংশোধনের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, একতরফাভাবে গঠিত সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। এর পরিবর্তে জুলাই সনদ ও গণভোটের প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তাঁর অভিযোগ, নির্বাচনের পর থেকেই বিএনপি জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে।

বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, এসব কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন বলে তিনি মনে করেন।

দেশের সীমান্ত ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, সীমান্তে হত্যা, পার্বত্য অঞ্চলে অশান্তি এবং ভারতের বিভিন্ন এলাকায় মুসলমানদের ওপর নিপীড়নের অভিযোগের বিষয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের হিন্দু ও মুসলমান—উভয় সম্প্রদায়কে ঘিরে কোনো ধরনের অপতৎপরতা থাকলে তার বিরুদ্ধেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জাপান সফরে বাংলাদেশকে ঘিরে করিডর তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ। তাঁর দাবি, ভারতের হাতে অবৈধ করিডর তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা দেশের মানুষ মেনে নেবে না। আগামী ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তি ন্যায্যভাবে নতুন করে করা না হলে জনগণ আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান।

নাহিদ ইসলাম বলেন, দেশে চলমান নৈরাজ্য, খুন ও গুমের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দাবি আদায়ে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। প্রয়োজনে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার কথাও বলেন।

ঢাকা মহানগরীর নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নির্বাচনে প্রার্থী করা হবে। তাঁরা নির্বাচিত হলে নগরবাসীর সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আবদুল্লাহ, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে এনসিপি চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো—

১. ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ এবং একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন।

২. মানবাধিকার ও বাক্‌স্বাধীনতাবিরোধী সব আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা।

৩. জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করা।

৪. বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চেয়েছেন বলে অভিযোগ করা পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) অপসারণ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]