বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ দল, প্রতিপক্ষ পর্তুগাল-ওয়েলস
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:১০ পিএম  (ভিজিট : ৬)

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) সেখানে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বর্তমানে বাকুর অ্যাথলেটস ভিলেজে অবস্থান করছে তরুণ ফুটবলাররা। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, সফরকারী দলের সব খেলোয়াড় ও কর্মকর্তা পুরোপুরি সুস্থ ও মানসিকভাবে চাঙ্গা আছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দলের প্রথম অনুশীলন পর্ব সম্পন্ন করার কথা রয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিশেষ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ছোট সংস্করণের এই অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিশ্বজুড়ে মোট ১৯১টি দেশের তরুণ দল। আটজন খেলোয়াড় নিয়ে গঠিত বিশেষ এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে। প্রতিটি ম্যাচ খেলা হবে ২০ মিনিটের দুটি অর্ধে (মোট ৪০ মিনিট)। 

টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘জি’ গ্রুপে লাল-সবুজের যুবাদের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশের তরুণরা। এরপর আগামী ২৫ ও ২৬ অক্টোবর চরম ব্যস্ত সূচিতে প্রতিদিন দুটি করে ম্যাচে মাঠে নামতে হবে দলকে।

বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স এবং বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচগুলো। টুর্নামেন্টের সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩ নভেম্বর সকালে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের।  








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]