প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম
(ভিজিট : ২০)
উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে এফসি বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে অসাধারণ এক জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে রোমাঞ্চকর এই রাতে আক্রমণ ও রক্ষণে সমান পারদর্শিতা দেখিয়ে আলাদাভাবে আলো কেড়েছেন ফরাসি লেফট-ব্যাক লুকাস হার্নান্দেজ।
প্রথমার্ধে বার্সেলোনা মাঠের নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে নিজেদের শক্তি ও কৌশলগত সামর্থ্যের পূর্ণ প্রমাণ দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কোচ লুইস এনরিকের একাদশে চলতি মৌসুমে মাত্র তৃতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন হার্নান্দেজ। নুনো মেন্ডেসের অনুপস্থিতিতে মাঠে নেমে নিজের আস্থার পূর্ণ প্রতিদান দিয়েছেন তিনি।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার একঝাঁক তরুণের আক্রমণ রুখে দেওয়ার পাশাপাশি বিশেষ করে প্রতিপক্ষের সবচেয়ে বড় অস্ত্র লামিনে ইয়ামালকে নিষ্ক্রিয় রাখতে বড় ভূমিকা পালন করেন এই ৩০ বছর বয়সী ডিফেন্ডার।
শুধু রক্ষণে নয়, দলের জয়ে গোলযোগেও বড় অবদান রাখেন তিনি। ম্যাচের ৭২তম মিনিটে অসাধারণ ফর্মে থাকা সতীর্থ দেজিরে দুয়ের দারুণ কর্নার থেকে জোরালো হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নেন হার্নান্দেজ।
ম্যাচ শেষে ‘ক্যানাল প্লাস ফুট’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের পারফরম্যান্স ও মানসিকতা নিয়ে কথা বলেন ফ্রান্সের এই অভিজ্ঞ তারকা। এনরিকের সেরা একাদশে নিজের নাম দেখে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার মানসিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মাঠে নামলে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি।
হয়তো প্রতিটা রাত সেরা যায় না, কিন্তু দলের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর ইচ্ছাটা কখনো হারাই না।’
একই সঙ্গে ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করা তরুণ সতীর্থ দেজিরে দুয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। হার্নান্দেজের মতে, ‘দুয়ে এই ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার পুরোপুরি যোগ্য। ও অসাধারণ একজন ফুটবলার, যা ও আবারও মাঠে প্রমাণ করেছে। ম্যাচটি মোটেই সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত পারফরম্যান্স বিচারে আমরাই জয় পাওয়ার যোগ্য ছিলাম।