রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় দিলেন সময়সীমা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিট : ১৩)
রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকা ঘুরে পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতির উন্নয়নের নির্দেশও দেন তিনি।

সকাল ৯টা ১০ মিনিটে পরিদর্শন শুরু করে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের শুরুতে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান প্রধানমন্ত্রী। হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা দেন তিনি। এরপর রাজউক উত্তরা মডেল কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

পরে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাংলা কলেজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামকে নিজ কক্ষে ধূমপানরত অবস্থায় দেখতে পান প্রধানমন্ত্রী। ওই কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে হাসপাতালের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর ডা. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে যান তারেক রহমান। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

পরিদর্শনসূচিতে আরও ছিল ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসিক এলাকা। আজিমপুরের আবাসিক এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতের পরিস্থিতিও পরিদর্শন করেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। নাগরিক সেবা, জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]