শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


আশুলিয়ায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়ছে আশপাশের বসতবাড়িতে
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০৩ এএম  (ভিজিট : ১০)
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশের আরও দুটি ঝুটের গুদাম ও একটি বসতবাড়িতেও সেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার ( ৯ আক্টোবর) রাতে আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকার ওই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আলাউদ্দিন ও বাবুল মিয়ার মালিকানাধীন একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা বেড়ে পাশের আরও দুটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এসময় গুদাম-সংলগ্ন একটি বাড়িতেও আগুন লাগে। এতে তিনটি ঝুটের গুদাম ও একটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এখনো আগুন জ্বলছে।

ঝুটের গুদামে বিপুল পরিমাণ কাটা কাপড় ও তুলা জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়-সংলগ্ন এই ঝুটের গুদামে আগুন লেগেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। স্থানীয় লোকজনও নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]