প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:৫৬ পিএম
(ভিজিট : ১৬)
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর ২০২৬ সালের চূড়ান্ত সদস্য তালিকায় অন্তর্ভুক্ত নতুন ও পুরোনো সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
এক বিবৃতিতে তারা বলেন, এবিজেএ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, লেখক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীদের একটি পেশাদার ও ঐক্যবদ্ধ ফেডারেল প্ল্যাটফর্ম। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মূল্যবোধের মধ্য দিয়ে সংগঠনটি আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা জানান, এবারের সদস্যপদ যাচাই-বাছাইয়ে সংগঠনের নির্ধারিত নীতিমালা এবং আবেদনপত্রে উল্লেখিত পেশাগত পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুমোদন না পাওয়া আবেদনকারীদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করে তারা বলেন, এ সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত বিষয় নয়। আবেদনপত্রে প্রদত্ত তথ্য ও নির্ধারিত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য না থাকায় কিছু আবেদন অনুমোদন করা সম্ভব হয়নি। তবে নির্বাচন-পরবর্তী নতুন কার্যনির্বাহী কমিটির সভায় সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি পুনরায় আলোচনার সুযোগ থাকবে।
বিবৃতিতে নতুন ও বিদ্যমান সব সদস্যকে এবিজেএর ঐক্য, পেশাদারিত্ব ও কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।