শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


বায়তুল মোকাররমে খতিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ, উত্তেজনা
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিট : ১৮)

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আব্দুল মালেককে নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার (৯ অক্টোবর) নামাজ শেষে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ চলার সময় অংশগ্রহণকারীদের কয়েকজনকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরবিরোধী স্লোগান দিতে শোনা যায়। এ সময় ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’—এ ধরনের স্লোগান দেওয়া হয়।

একই সময়ে মসজিদসংলগ্ন এলাকায় মিছিল করছিলেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। বিভিন্ন সংগঠনের কর্মসূচি একই এলাকায় চলায় পরিস্থিতিতে উত্তেজনা দেখা দেয়। তবে ওই স্থানে জামায়াতে ইসলামীর কোনো কর্মসূচি ছিল না বলে জানা গেছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম ছিল বলে একটু ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’

বিক্ষোভকারীদের অভিযোগ, জামায়াতে ইসলামী জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেককে অপসারণের ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে সাধারণ মুসল্লিরা বিক্ষোভ করেছেন বলে দাবি করেন তারা। একই সঙ্গে তাদের অভিযোগ, কিছু ব্যক্তি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সেখানে এসেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। তবে দলটির একটি সূত্র জানিয়েছে, বায়তুল মোকাররমে তাদের কোনো কর্মসূচি ছিল না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]