প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ পিএম
(ভিজিট : ২০)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুল্লাহ শেখ (২৩) ওরফে নাসিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) সড়কের চেঙ্গাইন-ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত হাবিবুল্লাহ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়, মরদেহের পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে নিহতের ছোট বোন মিলি আক্তার ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিম হোসেন বলেন, নিহতের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
নিহতের ভাগিনা সিফাত জানান, হাবিবুল্লাহ দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।