প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম
(ভিজিট : ১০)
প্রেক্ষাগৃহ ও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’। নির্মাণের ছয় বছর পর নতুন করে দর্শকের সামনে আসছে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী। জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘মায়ার জঞ্জাল’।
ওটিটিতে মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ঋত্বিক চক্রবর্তী। সেখানে তিনি সিনেমায় তার স্ত্রীর চরিত্রে অভিনয় করা অপি করিমের প্রশংসা করেন। অভিনেতার ভাষ্য অনুযায়ী, অপি করিম চরিত্রটিতে অত্যন্ত অসাধারণ অভিনয় করেছেন।
জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত সিনেমাটি ২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তবে তারও আগে চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।
আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পেয়েছে ‘মায়ার জঞ্জাল’।
ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড অর্জন করে এটি। যুক্তরাজ্যের লন্ডনে ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এও সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় সিনেমাটি। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করে সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। অপি করিম, ঋত্বিক চক্রবর্তী ও সোহেল মণ্ডলের পাশাপাশি এতে অভিনয় করেছেন ওপার বাংলার গুণী অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।