বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


প্রযোজক থেকে এবার পরিচালক সাইফুল ইসলাম সাগর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ পিএম  (ভিজিট : ০)
চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনার পাশাপাশি চলচ্চিত্রসংশ্লিষ্ট অনলাইন ব্যবসায়ও সাফল্যের পর এবার পরিচালনায় নাম লেখাচ্ছেন মো. সাইফুল ইসলাম সাগর। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহযোগী সদস্য হিসেবে সনদপত্র পেয়েছেন তিনি।

সাইফুল ইসলাম সাগরের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে দুটি চলচ্চিত্র—‘অন্ধ প্রেম’ ও ‘দরদ বা গরীবের প্রেম’। এর মধ্যে একটি চলচ্চিত্রে তার সঙ্গে রয়েছেন মনজুরুল আলম। দুটি ছবিই তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘সামি বাণীচিত্র’ থেকে নির্মাণ করা হচ্ছে।

চলচ্চিত্রে সাইফুল ইসলাম সাগরের পথচলা শুরু চাকরির মাধ্যমে। ১৯৯৩ সালে ‘আপন ফিল্ম’-এ চাকরির মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে তার ক্যারিয়ার শুরু হয়। পরে ১৯৯৬ সালে যোগ দেন ‘কিবরিয়া ফিল্মসে’। এর এক বছর পর, ১৯৯৭ সালে ‘অশান্ত মন’ চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘মন দিয়েছি তারে’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেন। পাশাপাশি নিজের নামে ও বেনামে আরও অনেক চলচ্চিত্রে বিনিয়োগ করেছেন বলে জানান তিনি।

পরিচালনায় আসার কারণ জানিয়ে সাইফুল ইসলাম সাগর বলেন, প্রত্যেক মানুষের নিজের কিছু অনুভূতি থাকে, যা কল্পনার জগতে বিচরণ করে। সেই অনুভূতি সবসময় অন্যের কাছে সঠিকভাবে তুলে ধরা সম্ভব হয় না। নিজের সেই অনুভূতিকে এবার চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরতে এবং নিজেকে পরখ করে দেখতেই পরিচালনায় আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই চলচ্চিত্রের সঙ্গে তার সম্পৃক্ততা। বিশেষ করে অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর দর্শকদের চাহিদা আরও কাছ থেকে বোঝার সুযোগ হয়েছে। দর্শক কী চান, কী ধরনের গল্প ও নির্মাণ দেখতে আগ্রহী—সেসব অভিজ্ঞতা নিজের মতো করে চলচ্চিত্রে তুলে ধরতে চান তিনি।

সাইফুল ইসলাম সাগরের ভাষায়, চলচ্চিত্র এখন সৃজনশীলতার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সিনেমা হলগুলোর বর্তমান পরিস্থিতির দিকেও তাকালে বিষয়টি বোঝা যায়। এ অবস্থায় চলচ্চিত্রে নতুন চিন্তা, নতুন ভাবনা ও নতুন নির্মাতার প্রয়োজন রয়েছে। নতুন হিসেবে পরিচালনায় আসা সাইফুল ইসলাম সাগরের কাছেও তাই দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে।

নতুন নির্মাণের মাধ্যমে দর্শকদের সেই প্রত্যাশা পূরণে কাজ করতে চান সাইফুল ইসলাম সাগর। তার নির্মিত চলচ্চিত্রগুলো দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]