প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম
(ভিজিট : ১২)
রাজধানীর খিলগাঁওয়ের জিরানী খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তের পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল্লাহ (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টায় খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।
পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি মো. জজ মিয়া (৪৪)।
তিনি আরও জানান, গত ৮ সেপ্টেম্বর মেরুল বাড্ডা এলাকার একটি গ্যারেজে জজ মিয়াকে হত্যা করা হয়। পরে তার মরদেহ সেখান থেকে নিয়ে এসে জিরানী খালে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১০ সেপ্টেম্বর বাড্ডা থানা এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।