প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৫ পিএম
(ভিজিট : ১৩৪)
গাজীপুরের কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সেতুর উত্তর-পূর্ব পাশে একটি নম্বরপ্লেটবিহীন ট্রাক নিয়ে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হয়। আটকরা হলেন—বরগুনার তালতলী থানার ছোটবাগী গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার এবং পটুয়াখালীর গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত দুলালের ছেলে রবিন।
পুলিশ তাদের কাছ থেকে একটি অশোক লেল্যান্ড ট্রাক, একটি লোহার কাটার, একটি নম্বরপ্লেট (ঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১), একটি পাইপ রেঞ্চ, একটি কাস্তে ও পাঁচটি লোহার দণ্ড উদ্ধার করে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা নম্বর-২১ দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেফতার দুই আসামিকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।