প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম
(ভিজিট : ৪৫)
রাজধানীর উত্তরা পশ্চিম থানার কামারপাড়া কাঁচাবাজার এলাকায় পিকআপ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে রায়হান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর একজন পালিয়ে গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে কামারপাড়া কাঁচাবাজারের সামনে প্রধান সড়কে একটি পিকআপ থামিয়ে চালক মো. ইয়াছিনকে মারধর করে গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুই ব্যক্তি।
চালকের চিৎকার শুনে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ সার্জেন্ট মো. ইসরাফিল হোসেন ও এটিএসআই আমির দ্রুত সেখানে ছুটে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তির একজন পালিয়ে গেলেও রায়হানকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক রায়হানের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা একটি কৌটা থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক রায়হান উত্তরা পশ্চিম থানার এরশাদনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শুকুর মিয়া।
পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রায়হানকে উত্তরা পশ্চিম থানার এসআই সুমনের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ছিনতাইয়ের চেষ্টা ও মাদক উদ্ধারের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।