প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম
(ভিজিট : ২২)
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা প্রায় তিন কোটি টাকা মূল্যের কাপড়ের রোল ভর্তি একটি কনটেইনার জাল কাগজপত্রের মাধ্যমে সরিয়ে ফেলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন পটিয়ার জিরি ইউনিয়নের উত্তর কৈয়গ্রামের বাসিন্দা মোর্শেদ আলম (৩১) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা সাইদুর রহমান (৫১)। তারা দুজনেই আগ্রাবাদভিত্তিক সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান প্যারামাউন্ড ট্রেড ইন্টারন্যাশনালের জেটি সরকার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১১ আগস্ট সন্ধ্যা ৬টা ৭ মিনিটের দিকে বন্দরের টার্মিনাল ম্যানেজারের দপ্তরের এফসিএল সেকশনে অভিযুক্তরা কিছু অজ্ঞাতনামা সহযোগীর সঙ্গে মিলে একটি প্রতারণামূলক পরিকল্পনা বাস্তবায়ন করেন। তারা মূল দলিলের স্বাক্ষর ও কাগজপত্র জাল করে অন-ডেট ও অন-চেসিস অ্যাসাইনমেন্টের নকল কপিকে আসল হিসেবে চালিয়ে দেন।
এই জাল নথি দেখিয়েই পণ্যভর্তি কনটেইনারটি বন্দরের ১ নম্বর গেট দিয়ে বাইরে বের করে নেওয়া হয়। ঘটনার পর বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় টার্মিনাল ম্যানেজারের দপ্তরের সামনে থেকেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় জালিয়াতির মাধ্যমেই কনটেইনারটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত চলছে বলে জানা গেছে।