প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
(ভিজিট : ১৩)
পণ্ডিত তুষার দত্তের কণ্ঠে, গীতিকবি শহিদুল আলম তিতুর লেখা এবং রাজা বশিরের সুরে , ‘রাগা জংশন’-এর দ্বিতীয় গান “চুপিচুপি”
৬ সেপ্টেম্বর সংগীতশিল্পী রাজা বশিরের জন্মদিন। বিশেষ এই দিনকে স্মরণীয় করে তুলতে তাঁর সংগীতজীবনে যুক্ত হচ্ছে নতুন এক আনন্দের অধ্যায়—‘চুপিচুপি’। Sargam Sound Station-এর ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘রাগা জংশন’ অনুষ্ঠানের এটি দ্বিতীয় গান। এর আগে প্রকাশিত হয়েছিল প্রথম গান সঙ্গীতশিল্পী হোমায়েরা বশিরের কণ্ঠে ‘মেঘ‘|
গীতিকবি শহীদুল আলম তিতুর লেখা এবং রাজা বশিরের সুরে নির্মিত ‘চুপিচুপি’ গানটি গেয়েছেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট পণ্ডিত ও শিল্পী পণ্ডিত তুষার দত্ত। তাঁর মতো বড় মাপের একজন পণ্ডিত ও সংগীতজ্ঞের কণ্ঠে নিজের সুরের গান শুনতে পাওয়াকে রাজা বশির তাঁর জন্য অত্যন্ত সম্মানের ও আনন্দের বিষয় বলে মনে করেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজা বশির নিজেই।
গীতিকবি শহীদুল আলম তিতু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজা বশির বলেন, “এত সুন্দর কথা ও অনুভূতি দিয়ে গানটি লেখার জন্য শহীদুল আলম তিতু ভাইয়ের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর পণ্ডিত তুষার দত্তের মতো গুণী শিল্পী, এ গানটি পরিবেশন করেছেন—এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।”
রাজা বশির তাঁর এই সংগীতযাত্রায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁর বাবা-মা—কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদ ও বিশিষ্ট সংগীতশিল্পী মীনা বশিরকে। তাঁদের ভালোবাসা, শিক্ষা ও আশীর্বাদকে নিজের প্রতিটি অর্জনের প্রধান অনুপ্রেরণা হিসেবে মনে করেন তিনি।
জন্মদিনের এই বিশেষ মুহূর্তে দেশের শ্রোতা ও সংগীতপ্রেমীদের প্রতিও কৃতজ্ঞ রাজা বশির। তাঁর কাছে শ্রোতাদের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি।
‘চুপিচুপি’ শুধু একটি নতুন গান নয়, বাবা-মায়ের সংগীতঐতিহ্য, নিজের সুরসাধনা এবং গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার আনন্দে রাজা বশিরের জন্মদিনের এক বিশেষ উপহার।