প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৯ পিএম
(ভিজিট : ১৫)
সাধারণত একটি চলচ্চিত্রের শুটিং শুরুর আগেই অভিনয়শিল্পী থেকে শুরু করে কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় চূড়ান্ত চিত্রনাট্য। তবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) কাজের ধরন বরাবরই কিছুটা আলাদা।
হাতে সম্পূর্ণ স্ক্রিপ্ট না নিয়েই নতুন ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর কাজ শুরু করেছেন দুই জনপ্রিয় পরিচালক জো ও অ্যান্থনি রুসো। এতে বিন্দুমাত্র বিচলিত নন তারা।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জো রুসো জানান, গল্পকে বাঁধাধরা ফ্রেমে না আটকে বরং একটি পরিবর্তনশীল বিষয় হিসেবে দেখতেই তারা ভালোবাসেন। সেটে গিয়ে শিল্পীরা নিজেদের অভিনয়ে কিভাবে চমক আনেন, সেটিকেই প্রাধান্য দেন এই পরিচালক জুটি। তাদের মতে, অনেক সময় শুটিংয়ের ঠিক আগমুহূর্তে সিদ্ধান্ত নিলেই আসল জাদুটা ঘটে।
‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর বিশাল সাফল্যের পর এই সিনেমার মাধ্যমেই আবারও মার্ভেলে ফিরছেন রুসো ব্রাদার্স। পঞ্চমবারের এই ‘অ্যাভেঞ্জার্স’ ছবিটি প্রথমে ‘দ্য ক্যাং ডাইনাস্টি’ নামে নির্মাণের কথা ছিল। কিন্তু খলনায়ক চরিত্রের অভিনেতা জোনাথন মেজর্স আইনি ঝামেলায় পড়ায় তাকে বাদ দিয়ে পুরো গল্প ঢেলে সাজায় স্টুডিওটি।
নতুন এই পরিকল্পনায় যোগ দিয়েছেন ‘আইরন ম্যান’ খ্যাত তারকা রবার্ট ডাউনি জুনিয়র। তবে এবার আর কোনো সুপারহিরো নন, ‘ডক্টর ডুম’ নামের এক প্রতাপশালী খলনায়ক হিসেবে এমসিইউ-তে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
পূর্ণাঙ্গ চিত্রনাট্য ছাড়া শুটিং শুরু করার এই প্রবণতা মার্ভেলের জন্য নতুন নয়। তবে চলচ্চিত্রের এই চর্চাকে ভালো চোখে দেখছেন না প্রতিপক্ষ ‘ডিসি স্টুডিওস’-এর প্রধান জেমস গান। তার মতে, সম্পূর্ণ স্ক্রিপ্ট তৈরি না করে ক্যামেরা চালু করাই বর্তমানে চলচ্চিত্র শিল্পের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
চিত্রনাট্য শতভাগ মনপূত না হওয়ায় সম্প্রতি নিজের একটি বড় প্রজেক্ট বাতিল করে দেওয়ার কথাও জানান তিনি।
তবুও নিজেদের চেনা ছন্দেই আত্মবিশ্বাসী রুসো ব্রাদার্স। স্ক্রিপ্ট যেমনই হোক, মেগাবাজেট আর তারকাদের অভিনয়ে দর্শকরা পর্দায় আবারও পুরনো সেই উন্মাদনা ফিরে পাবেন বলেই ধারণা তাদের।