বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৩২ পিএম  (ভিজিট : ১৯)
বাংলার লোকগানের কিংবদন্তি সাধক ও বাউল কবি আব্দুর রাজ্জাক দেওয়ান। যাকে ভালোবেসে সবাই ‘মাতাল রাজ্জাক’ বলেন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মরমি এ সাধক কবির জন্মদিন। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘মাতাল রাজ্জাক জন্মোৎসব’।

এই উৎসবে গাইবেন ১৫ জন শিল্পী। এর মধ্যে রয়েছেন এ সময়ের জনপ্রিয় লোকশিল্পী বগা তালেব। এছাড়াও থাকছেন খোকন চিশতি, মারুফ মৃন্ময়, আকাশ গায়েন, কাওসার আহমেদ বিজন, আঁধারী মিলন, জয়িতা অর্পা, ইমরান হোসাইন, তমাল অনার্য, অভিবাসন দাস, নবীন কিশোর গোস্বামী, লানজু খান, রহমান জনি, শিমুল কুম্ভকার ও মাহবুব খালাসী।

টিএসসির সঞ্জীব চত্ত্বরে বসবে এ গানের আসর। শুরু হবে বিকাল ৪টায়। আয়োজনটি সবার জন্য থাকবে উন্মুক্ত। উৎসবের একটি পোস্টারও বানানো হয়েছে। সেটি সংগ্রহ করা যাবে ৫০ টাকা শুভেচ্ছামূল্যে।

এই আয়োজন নিয়ে শিল্পী বগা তালেব বলেন, ‘মরমি সাধকদের নিয়ে এমন উৎসব আরো হতে থাকুক। এটি আয়োজন করেছে হারিকেন নামের একটি সংগঠন। তাদের ধন্যবাদ। বিকেল ৪টায় শুরু হবে এই উৎসব, মাতাল রাজ্জাককে উৎসর্গ করে তার কিছু গান গাইব।’

রাজ্জাক দেওয়ানের জন্ম ১৯৩০ সালের ২৭ আগস্ট ঢাকার কেরানীগঞ্জে। দেহতত্ত্ব ও আধ্যাত্মিক গানের জন্য বিখ্যাত হয়ে আছেন তিনি। সহজ-সরল কথার মধ্য দিয়ে তিনি গভীর দর্শনের প্রকাশ করেছিলেন। বহু গান তিনি রচনা করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘মদ খেয়েছি মাতাল হয়েছি’, ‘ভুল বুঝে চলে যাও’, ‘সুখ পাখিটা গেছে মারা’, ‘দুনিয়া মায়ার খেলা’ ইত্যাদি। ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি অনন্তলোকে পাড়ি জমিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]