প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:২১ পিএম
(ভিজিট : ১২)
সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে মিস ইউএসএ কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাবেক ‘মিস নর্থ ক্যারোলাইনা’ ব্রিটানি বোল্টিনহাউস। খেতাব কেড়ে নেওয়া নয়, বরং পরবর্তী সময়ে তাকে নিয়ে কর্তৃপক্ষের মিথ্যা ও ক্ষতিকর মন্তব্যের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।
চলতি বছরের জুনের শেষে ‘মিস নর্থ ক্যারোলাইনা ইউএসএ’ খেতাব জেতেন বোল্টিনহাউস। তবে বিজয়ী হওয়ার পরপরই তার পুরনো কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে আসে, যেখানে তিনি একটি বর্ণবাদী গালি ব্যবহার করেছিলেন। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ও বাইডেন প্রশাসনের সমালোচনামূলক কিছু পোস্টও আলোচনায় আসে। এসব বিতর্কের কারণে ৫ আগস্ট তার খেতাব বাতিল করে মিস ইউএসএ কর্তৃপক্ষ।
রবিবার (২৩ আগস্ট) ডুপলিন কাউন্টি সুপিরিয়র কোর্টে মিস ইউএসএ সংস্থার চেয়ারম্যান থম ব্রোডিউর এবং নর্থ ক্যারোলাইনা প্রেজেন্ট পরিচালকদের বিরুদ্ধে এই দেওয়ানি মানহানির মামলা করেন বোল্টিনহাউস। তার দাবি, বর্ণবাদী পোস্ট নয়, বরং তার রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণেই মূলত তার খেতাব কেড়ে নেওয়া হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ডও তার কাছে আছে বলে জানান তিনি। একই সঙ্গে তাকে একটি মনগড়া ক্ষমা প্রার্থনার বিবৃতিতে জোরপূর্বক স্বাক্ষর করানোর অভিযোগও এনেছেন তিনি।
ব্রিটানি জানান, অসৎ উদ্দেশ্যে করা এসব বক্তব্যের কারণে তিনি পেশাগত ও সামাজিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আয়োজকদের কাছ থেকে সুনামের ক্ষতি, মানসিক যন্ত্রণা, হাতছাড়া হওয়া স্পন্সরশিপের অর্থসহ আইনি খরচের ক্ষতিপূরণ দাবি করেছেন।