প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:২৮ পিএম
(ভিজিট : ১৩)
ফের বিতর্কে জড়ালেন অভিনেতা সোহম চক্রবর্তী। আলমারি বানানোর বকেয়া টাকা চাইতে গেলে এক কাঠমিস্ত্রিকে গালিগালাজ, মারধর ও ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী কাঠমিস্ত্রি রাজকাপুর শর্মা এ ঘটনায় কলকাতার বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে রাজকাপুর জানান, ১২ মে সোহমের বাড়িতে ৫৫ হাজার টাকার চুক্তিতে একটি আলমারি তৈরির কাজ শুরু করেন তিনি। অগ্রিম ৩০ হাজার টাকা দেওয়ার পর কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হলে তাকে আরো দুইটি আলমারি বানানোর অর্ডার দেওয়া হয়। নতুন কাজেরও অর্ধেকের বেশি সম্পন্ন হলেও পরবর্তী সময়ে আর কোনো অর্থ পাননি তিনি।
পাওনা টাকা চাইতে গেলে সোহম ও তার দেহরক্ষী তোতন সর্দার রাজকাপুরকে লাঞ্ছিত করেন এবং প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হলে সোহম চক্রবর্তীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিনেতা সোহমের বিরুদ্ধে মারধর ও প্রতারণার অভিযোগ নতুন নয়। এর আগে গত জুলাই মাসে এক চলচ্চিত্র প্রযোজকের ৬৮ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে চারু মার্কেট থানায় মামলা হয়েছিল তার বিরুদ্ধে।
এ ছাড়া বিধায়ক থাকাকালে কলকাতার একটি রেস্টুরেন্টের কর্মীদের হেনস্তা ও মারধরের ঘটনাতেও বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেতা।