বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


অস্কার অনুষ্ঠানে চড় মারা সেই অভিনেতা এবার আল্লু অর্জুনের সিনেমায়
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:২০ পিএম  (ভিজিট : ১১)
উপস্থাপক ক্রিস রককে ২০২২ সালের অস্কার অনুষ্ঠানের মঞ্চে চড় মেরে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন হলিউড তারকা উইল স্মিথ। সেই ঘটনার পর একাডেমির নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন তিনি।

এবার সেই আলোচিত অভিনেতাই নাম লেখাতে চলেছেন ভারতীয় সিনেমায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘জাওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’-তে দেখা যাবে উইল স্মিথকে। সিনেমাটিতে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করবেন তিনি।

ছবিতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনয় করবেন যোদ্ধার চরিত্রে। স্মিথকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে।

ইতোমধ্যে সিনেমাটির জন্য উইল স্মিথের চরিত্রের সাজসজ্জা ও পোশাকের প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ভারতের বাইরে তার অংশের দৃশ্যধারণ করা হবে। অভিনেতার সুবিধাজনক সময় অনুযায়ী শুটিংয়ের সময়সূচি নির্ধারণ করা হবে।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখছেন অ্যাটলি। ভারতীয় সিনেমায় আগে খুব একটা দেখা যায়নি এমন এক কাল্পনিক জগতকে কেন্দ্র করে তৈরি হচ্ছে গল্পটি। এতে থাকছে দুর্দান্ত অ্যাকশন ও রুদ্ধশ্বাস দৃশ্য।

বড় বাজেটের এই সিনেমাটি প্রায় ৮০০ কোটি রুপি ব্যয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে উইল স্মিথের যুক্ত হওয়া সিনেমাটির প্রতি আন্তর্জাতিক দর্শকদের আগ্রহও আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অস্কার অনুষ্ঠানে উপস্থাপককে চড় মেরে হইচই ফেলে দেন স্মিথ

এর আগে একাধিকবার ভারতীয় সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন উইল স্মিথ। সালমান খান, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতো তারকাদের সঙ্গে কাজ করার বিষয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছিল। তবে সেসব পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

এবার অ্যাটলির ‘রাকা’ দিয়ে ভারতীয় সিনেমায় উইল স্মিথের অভিষেক হতে যাচ্ছে কি না, সেটিই এখন দেখার বিষয়। পাশাপাশি আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ও উইল স্মিথের মতো তিন তারকার একসঙ্গে পর্দায় উপস্থিতি সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]