বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ব্যালন ডি’অর জিততে সবকিছু করেছেন, দাবি হ্যারি কেইনের
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:০৯ পিএম  (ভিজিট : ৭)
গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের পর ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন হ্যারি কেইন। কাল রাতে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু হাতে তুলে নেওয়ার পর নিজের দাবিটাও স্পষ্ট করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ তারকা।

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭৩ গোল করেছেন হ্যারি কেইন। বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় ৩৬ গোল করে জিতেছেন গোল্ডেন শু। জার্মান লিগ ও কাপ—দুটিই জিতেছে তার দল। উয়েফা চ্যাম্পিয়নস লিগেও বায়ার্ন উঠেছিল সেমিফাইনালে। ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলার পথে করেছেন ৬ গোল। 

নিজের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কেইন বলেছেন, ‘অক্টোবর পর্যন্ত এ নিয়ে অনেক আলোচনা হবে, সেটা আমি জানি। তবে এটা আমার নিয়ন্ত্রণে নেই। গত মৌসুমে আমি যা করতে পেরেছি, সবই করেছি।

এটা আমার সেরা মৌসুম ছিল, সন্দেহ নেই। আমি যে দলগুলোর হয়ে খেলেছি, তাদের সঙ্গে অনেক কিছু অর্জন করেছি।’

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় হ্যারি কেইনের ইংল্যান্ড। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও তার দল বায়ার্ন হারে পিএসজির কাছে।

এরপরও হ্যারি কেইনের জন্য আশার জায়গা দেখছেন সাবেক ইংলিশ ফুটবলার ড্যানি মিলস। তার মতে, এবারের ব্যালন ডি’অরের লড়াই অন্যবারের তুলনায় অনেক বেশি উন্মুক্ত।

মিলস বলেছেন, ‘ব্যালন ডি’অরের কথা বললে, এ বছর এখন পর্যন্ত হ্যারি কেইনই সম্ভবত সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়। সে অসাধারণ ছিল। তবে ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই মৌসুমজুড়ে একজনকে আলাদা করে সেরা বলা কঠিন। আমার মনে হয়, অনেক দিন পর এবার ব্যালন ডি’অরের লড়াই সবচেয়ে উন্মুক্ত।’

মিলস মনে করেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে লিওনেল মেসি বড় সুবিধা পেতেন। কিন্তু আর্জেন্টিনা রানার্স আপ হওয়ায় মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা ফিকে হয়ে গেছে। 

আগামী ২৬ অক্টোবর লন্ডনে হবে ২০২৬ ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান। ৭০তম আসরটি প্রথমবারের মতো প্যারিসের বাইরে আয়োজন করা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]