সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের আশা মিরাজের
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৫৪ এএম  (ভিজিট : ১৩)
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতে ইতিহাসের দরজা খুলেছে বাংলাদেশ। সামনে সিরিজ জয়ের হাতছানি।

মেহেদী হাসান মিরাজ এখন সেই স্বপ্নে বিভোর। তার চোখ এখন দ্বিতীয় টেস্টে, যেখানে জিতলেই অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করবে বাংলাদেশ। এমনকি ম্যাচটা ড্র হলেও সিরিজ জিতবে।

তবে ডারউইন টেস্টের জয় নিয়ে বেশি আত্মতুষ্টিতে না ভুগে ম্যাকাই টেস্টের চ্যালেঞ্জে মনোযোগ দিতে চান মিরাজ।

আইসিসিকে বাংলাদেশের এই অলরাউন্ডার বলেছেন, ‘অবশ্যই আমরা সেভাবেই ভাবছি (সিরিজ জেতার কথা) এবং যে পরিকল্পনা নিয়ে এগিয়েছি, সেটিতেই মনোযোগ ধরে রাখতে চাই। প্রথম ম্যাচ জেতার পর আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এই মুহূর্তে আমরা এই ছন্দটা ধরে রাখতে চাই।’

ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল মিরাজের। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অর্ধশতক করার পর বল হাতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। 

মিরাজের সঙ্গে ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন হাসান মাহমুদ ও তানজিদ হাসান। হাসান প্রথম ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে নেন মোট ৯ উইকেট। আর তানজিদ দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন।
 
অথচ এই টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল তারা। এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও দলের ওপর বিশ্বাস হারায়নি ম্যানেজমেন্ট।

কঠিন সময়ে দলের কাছ থেকে পাওয়া সমর্থনের কথা জানিয়ে মিরাজ বলেন, ‘আমি যখন বাজে সময় পার করছিলাম, তখন আমাদের দলের ম্যানেজার নাফিস ইকবাল আমাকে এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেই বিষয়ে অনেক উৎসাহ দিয়েছেন।’

মিরাজ আরো বলেন, ‘মানসিকভাবে আমি খুব খুশি ছিলাম এবং তার সঙ্গে অনেক কথা বলেছি। এক পর্যায়ে তিনি নেটে আমাকে বোলিংও করেছেন।’

স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কথাও উল্লেখ করেছেন মিরাজ। তার মতে, প্রস্তুতি ম্যাচের পর দলের খেলোয়াড়দের বিশ্বাস ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুশতাক।

মিরাজ বলেন, ‘আমি মুশতাক আহমেদের কথাও বলতে চাই। আমরা প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ার পর তিনি প্রত্যেক খেলোয়াড়ের কাছে গিয়ে বলেছিলেন, ‘বিশ্বাস রাখো। তুমি যদি বিশ্বাস করো, তাহলে জেতা সম্ভব। বিশ্বাস তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে।’ সেই ছোট ছোট বিষয় থেকেই আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম। আর আজ আপনারা সবাই এর ফল দেখতে পাচ্ছেন।’

অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ। পাশাপাশি প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা জোরালো হবে।

ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২ আগস্ট। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]