বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


প্রযুক্তি নিয়ে বড় পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে চাঁদে নামবে দ: কোরিয়া
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৩৪ পিএম  (ভিজিট : ১০)
সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাইরে নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্র তৈরি করতে বড় ধরনের প্রযুক্তি পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটির সরকার ‘সেভেন মেজর সিড’ নামে সাতটি বড় প্রযুক্তি প্রকল্পের ঘোষণা দেয়।
 
পারমাণবিক শক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, মহাকাশ, জৈবপ্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজসহ বিভিন্ন খাত এই পরিকল্পনায় রয়েছে। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যেতে পারে—এমন আশঙ্কার মধ্যে নতুন প্রযুক্তিকে দেশের অর্থনীতির ভবিষ্যৎ শক্তি হিসেবে গড়ে তুলতে চাইছে দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সভাপতিত্বে ব্লু হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে এই পরিকল্পনা ঘোষণা করা হয়। সরকারের লক্ষ্য, আগামী এক থেকে দুই দশকের মধ্যে এসব প্রযুক্তিতে দক্ষিণ কোরিয়াকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করা।

‘সেভেন মেজর সিড’ পরিকল্পনার আওতায় ২০৩৫ সালের মধ্যে নিজেদের তৈরি ছোট আকারের মডুলার পারমাণবিক চুল্লি বা এসএমআর বাণিজ্যিকভাবে চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। এসএমআর প্রচলিত বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তুলনায় ছোট আকারের চুল্লি। এগুলো তুলনামূলক কম জায়গায় স্থাপন করা যায় এবং প্রয়োজন অনুযায়ী একাধিক ইউনিট ব্যবহার করা সম্ভব। পারমাণবিক শক্তির পাশাপাশি ফিউশন শক্তি ও পরবর্তী প্রজন্মের নবায়নযোগ্য জ্বালানিকেও এই পরিকল্পনার আওতায় রাখা হয়েছে।

মহাকাশ খাতেও বড় লক্ষ্য নিয়েছে দক্ষিণ কোরিয়া। ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি মহাকাশযান অবতরণের পরিকল্পনা করেছে দেশটি। মহাকাশ ও বিমান চলাচলকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। এর মাধ্যমে মহাকাশ গবেষণা ও সংশ্লিষ্ট শিল্পে দেশীয় সক্ষমতা বাড়াতে চায় তারা। কোয়ান্টাম প্রযুক্তিও এই পরিকল্পনার অন্যতম প্রধান অংশ।

সরকারের লক্ষ্য, ২০২৯ সালের মধ্যে দেশে ১০০-কিউবিটের একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা। কোয়ান্টাম কম্পিউটার প্রচলিত কম্পিউটারের চেয়ে ভিন্ন পদ্ধতিতে তথ্য প্রক্রিয়াজাত করে। ভবিষ্যতে ওষুধ তৈরি, উপাদান গবেষণা, নিরাপত্তা, যোগাযোগ ও জটিল গণনার মতো বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির বড় ব্যবহার হতে পারে। এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের প্রযুক্তি বা ব্রেন-কম্পিউটার ইন্টারফেসের পণ্য বাণিজ্যিকভাবে বাজারে আনার লক্ষ্যও রয়েছে।
 
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানমন্ত্রী বে কিয়ং হুন জানিয়েছেন, ‘সেভেন মেজর সিড’ উদ্যোগে সাতটি প্রযুক্তি ও কৌশলগত খাত রাখা হয়েছে। এগুলো হলো—

ছোট আকারের মডুলার পারমাণবিক চুল্লি
ফিউশন শক্তি
পরবর্তী প্রজন্মের নবায়নযোগ্য জ্বালানি
কোয়ান্টাম প্রযুক্তি
মহাকাশ ও বিমান চলাচল
উন্নত জৈবপ্রযুক্তি
গুরুত্বপূর্ণ খনিজ ও উপকরণের সরবরাহব্যবস্থা

সরকার মনে করছে, এসব খাত ভবিষ্যতে অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
 
দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি ও শিল্পোন্নত দেশ। সেমিকন্ডাক্টর, স্মার্টফোন, গাড়ি ও অন্যান্য শিল্পে দেশটির শক্তিশালী অবস্থান রয়েছে। তবে দীর্ঘমেয়াদে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে কোয়ান্টাম কম্পিউটিং, মহাকাশ, উন্নত জৈবপ্রযুক্তি ও নতুন ধরনের জ্বালানি প্রযুক্তি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। এসব প্রযুক্তিকে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয়, জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ মনে করছে বিভিন্ন দেশের সরকার। তাই দক্ষিণ কোরিয়াও নতুন প্রযুক্তির বাজারে শুরু থেকেই শক্ত অবস্থান নিতে চাইছে। 

বিজ্ঞানমন্ত্রী বে কিয়ং হুন বলেন, সরকার এসব প্রযুক্তির ‘বীজ’কে বড় হতে সাহায্য করবে। আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে এমন একটি দক্ষিণ কোরিয়া গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যার সঙ্গে অন্য দেশগুলোর প্রতিযোগিতা করা কঠিন হবে। এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ কোরিয়া মূলত বর্তমান প্রযুক্তি খাতের সাফল্যের ওপর নির্ভর না করে ভবিষ্যতের অর্থনীতির জন্য নতুন ভিত্তি তৈরি করতে চাইছে। পারমাণবিক শক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ ও জৈবপ্রযুক্তির মতো খাতে বিনিয়োগ বাড়িয়ে দীর্ঘমেয়াদে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরিও এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]