প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৪৬ পিএম
(ভিজিট : ১৪)
ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও সরকারি চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহর নীরবতা নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। নাসিরুদ্দিনের পুরনো এক মন্তব্যের সূত্র ধরে তিনি দাবি করেন, নাসিরুদ্দিন দেশের অন্ন খেয়েও অন্য দেশের পক্ষে অবস্থান নেন।
নাসিরুদ্দিনের মতো ‘শিয়াল’ হওয়ার চেয়ে অনুগত ‘কুকুর’ হওয়া অনেক ভালো বলেও মন্তব্য করেন এই বিজেপি সংসদ সদস্য।
গত ২৫ জুলাই থেকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে রাস্তায় নেমে আন্দোলন করছেন শত শত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। এই ইস্যুতে সেলিব্রিটিদের নীরবতা প্রসঙ্গে এর আগে নাসিরুদ্দিন শাহ মন্তব্য করেছিলেন, তারকারা তখনই মুখ খুলেন যখন তাদের বিবেক সায় দেয়। সে সময় একটি প্রবাদ টেনে তিনি বলেছিলেন, মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না—হাড় মুখ থেকে পড়ে গেলে তবেই সে আওয়াজ তোলে।
মঙ্গলবার (১১ আগস্ট) নাসিরুদ্দিনের সেই পুরনো ‘কুকুর’ মন্তব্যের প্রসঙ্গ টেনে তাকে নিশানা করেন কঙ্গনা। তিনি বলেন, প্রত্যেকেই কারো না কারো প্রতি অনুগত, তবে যে দেশের অন্ন তিনি খান, সেই দেশের জন্য লড়তে পারাকে তিনি গর্বের মনে করেন। এ ছাড়া নাসিরুদ্দিনের ‘কুকুর’ প্রবাদের জবাব দিয়ে কঙ্গনা আরো লেখেন, বর্তমান সময়ে মানুষকে কুকুর বলা বরং একধরনের প্রশংসাই বটে, কারণ আনুগত্য ও সারল্য এখন অত্যন্ত বিরল।