প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:০১ পিএম
(ভিজিট : ৫২)
ঐতিহাসিক ৩৬শে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণ এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনায় মালদ্বীপে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ।
শুক্রবার (৭আগষ্ট) রাজধানী মালের স্হানীয় একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।
বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. এইচ. এম. সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে সেই চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও পরিশ্রম করা সকল সংগঠক, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের প্রতি বাংলাদেশ ফোরাম মালদ্বীপ কৃতজ্ঞতা প্রকাশ করে।