কুড়িগ্রামে নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে ‘ক্যাশলেস কুড়িগ্রাম সদর’ শীর্ষক ক্যাশলেস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার উদ্যোগে সোমবার (৩ আগস্ট) পৌর টাউন হল সুপার মার্কেট প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘এক দেশ, এক কিউআর লেনদেন—বাংলা কিউআর; লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা, গ্রাহকবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক এ এইচ এম আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের সহকারী পরিচালক জনাব আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রিজিওনাল অফিস, রংপুরের প্রিন্সিপাল অফিসার ও এডিসি ইনচার্জ জনাব হুমায়ুন কবির, উলিপুর শাখার শাখা ব্যবস্থাপক জনাব আশরাফুল হক, ফুলবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক জনাব শফিকুল ইসলাম, চিলমারী উপশাখার ব্যবস্থাপক জনাব মেহেদী হাসান মুরাদ, দৈনিক জাগো বাহে কুড়িগ্রাম-এর সম্পাদক ও প্রকাশক মো. রেজাউল করিম, রেজোয়ানুল হাসান রানা, সভাপতি, পৌর টাউন হল সুপার মার্কেট এবং শরিফুল ইসলাম পাটোয়ারী (চয়ন), সাধারণ সম্পাদক, পৌর টাউন হল সুপার মার্কেট, কুড়িগ্রাম।
এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা, গ্রাহকবৃন্দ ও পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ক্যাশলেস লেনদেন এখন সময়ের দাবি। মোবাইল ব্যাংকিং, বাংলা কিউআর, কিউআর কোডভিত্তিক পেমেন্ট, ডেবিট-ক্রেডিট কার্ডসহ আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে লেনদেন আরও সহজ, দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ করা সম্ভব। এতে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি গ্রাহকরাও উন্নত ব্যাংকিং সেবা পাবেন।
বক্তারা জানান, ‘ক্যাশলেস কুড়িগ্রাম সদর’ উদ্যোগের মাধ্যমে জেলার ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে পূবালী ব্যাংক পিএলসি। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা ও নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ব্যবহার পদ্ধতি নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার কর্মকর্তারা এবং ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার সিনিয়র অফিসার মোঃ সাজেদুল ইসলাম।