সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


৮ বছর পর সিনেমায় ফিরছেন আমিন খান
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:০২ পিএম  (ভিজিট : ১৭)
দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। প্রায় আট বছর পর ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন করে ফিরছেন তিনি। সিনেমাটি নির্মাণ করছেন মোহাম্মদ ইকবাল।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘গুলশানের চামেলি’র মহরত। সেখানেই সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়।  

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে আমিন খান বলেন, ‘খুব ভালো লাগছে, অনেক দিন পর সিনেমায় কাজ করছি।

আমি বলব, সুযোগ হয়েছে। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না ব্যাটে-বলে মিলছিল না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিল, তখন মনে হলো সিনেমাটি করা যায়।

এ ছাড়া এ সিনেমায় গুণী অনেক শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন।

সিনেমাটিতে আমিন খান ছাড়া আরো অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামি নভেম্বরে সিনেমাটির শুটিং হবে। 

উল্লেখ্য, ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আমিন খানের। এরপর তিন দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। তবে ২০১০ সালের পর থেকে তাঁকে চলচ্চিত্রে তুলনামূলক কম দেখা গেছে।

২০১৮ সালের পর সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমায় অভিনয় করেন আমিন খান। যদিও সিনেমাটির শুটিং হয়েছিল ২০১৮-১৯ সালে। এরপর দীর্ঘ সময় নতুন কোনো সিনেমায় তাঁকে দেখা যায়নি। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে নতুন সিনেমার কাজে ফিরছেন তিনি। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]