প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:০৩ পিএম
(ভিজিট : ১৮)
জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে শ্রাবন সন্ধ্যায় আজ শুক্রবার আয়োজন করা হয় উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশী সন্ধ্যা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ওস্তাদজীকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ। সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসীন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন ক্লাবের সদস্য ও পরিবার এবং সংগীত পিয়াসী শ্রোতারা।
অনুষ্ঠানের শুরুতেই শিল্পী প্রথমে রাগ শ্যাম কল্যাণ, সংক্ষিপ্ত আলাপ ও পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। তারপর রাগ হংশধ্বনি। রাগ জয়-জয়ন্তী ও আরো কয়েকটি রাগ ছোট করে বাজান। সব শেষে মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুন দিয়ে অনুষ্ঠান শেষ হয়। শ্রোতারা যখন ফিরে যাচ্ছিলেন তাদের কানে অনুরনিত হচ্ছিল বাঁশীর অপূর্ব সূর ও মুর্ছণা। এই ধরনের একটি আয়োজনের জন্য ক্লাব কর্তৃপক্ষকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
ওস্তাদ আজিজুল ইসলামকে অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।