শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


লাইসেন্সবিহীন চালকদের ছাড় নয়, বিআরটিএর সঙ্গে সমন্বয় করে অভিযান: ডিএনসিসি প্রশাসক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম  (ভিজিট : ১৭)
ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সঙ্গে সমন্বয় করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, অদক্ষ চালকদের কারণে যেন আর কোনো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সড়কে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর জন্য সব চালকের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরিচ্ছন্নকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রশাসক জানান, নিহত শেফালী বেগমের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে।

এক প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকেন, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানামতে, ডিএনসিসির কোনো গাড়ি বর্তমানে হেল্পার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।

এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]