প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:২৩ এএম
(ভিজিট : ০)
পিরোজপুরের স্বরূপকাঠিতে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রকে যৌন হয়রানি ও সমকামিতায় জড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। সংগঠনটির প্রচার সম্পাদক স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ড সহ ফেসবুকে পোস্ট দিলে তা ভাইরাল হয় এবং সুষ্ঠু তদন্তের দাবি ওঠে।
গত ১৪ জুলাই কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ ফারদিন ইসলাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টে অভিযোগ করেন। পোস্টে তিনি দাবি করেন, সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম মোল্লা বিভিন্ন ভুয়া আইডি খুলে দীর্ঘদিন ধরে একাধিক ছেলেকে যৌন হয়রানি করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, ক্ষমতার প্রভাব খাটিয়ে সম্প্রতি তার অপরাধের মাত্রা বেড়েছে এবং ছোট ভাইদের নিজ বাসায় ডেকে নিয়ে বারবার এ ধরনের অপরাধ করেছেন তিনি। পোস্টের সাথে কথিত কথোপকথনের স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ডও যুক্ত করা হয়।
পোস্টটি শেয়ার করে সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বরূপকাঠি পৌর ছাত্রদলের নেতা কাজী ইশতিয়াক সহ অনেকেই। পোস্টের কমেন্ট বক্সে এলাকার অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় ছাত্রদলের হস্তক্ষেপ কামনা করছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম মোল্লা ফেসবুক পোস্টে এটিকে "গুজব ও রাজনৈতিক ষড়যন্ত্র" বলে দাবি করে থানায় মামলার কথা জানান। তিনি বলেন, আইনিভাবে প্রমাণ হলে তিনি যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন।
উল্লেখ্য, বাংলাদেশ দণ্ডবিধির ‘৩৭৭’ ধারা অনুযায়ী সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ।