বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


টানা বৃষ্টিতে দক্ষিণখানে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে জনজীবন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম  (ভিজিট : ১৯)
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাজধানীর দক্ষিণখানের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। জলাবদ্ধতার প্রভাব পড়েছে দক্ষিণখান থানা, স্থানীয় গণকবরস্থান এবং আশপাশের বহু বাড়িঘর, দোকানপাট ও একটি মসজিদেও।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সড়ক ও অলিগলিতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, বহু বছর আগে নির্মিত সরু সিমেন্টের পাইপ ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে না।

উত্তরখান থানার এএসআই মো. মাইদুল ইসলামের তথ্যের ভিত্তিতে গণকবরস্থান এলাকায় গিয়ে দেখা যায়, পুরো সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে রয়েছে। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। অনেক স্থানে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

দক্ষিণখান গণকবরস্থানের দেখভালের দায়িত্বে থাকা মো. কালাম মিয়া জানান, জলাবদ্ধতার কারণে কবর খনন ও দাফন কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা স্বজন হারানো পরিবারের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

থানার বিপরীতে ব্যবসা করা একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সামান্য বৃষ্টিতেই এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সিটি করপোরেশনকে বারবার জানানো হলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। স্থানীয়দের মতে, নিচু সড়ক, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না হওয়াই এ সংকটের মূল কারণ।
পুলিশের একটি সূত্র জানায়, জলাবদ্ধতার কারণে টহল ও জরুরি সেবায় ঘটনাস্থলে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে, ফলে কিছু ক্ষেত্রে নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর রাজনৈতিক কর্মী সায়মন জানান, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং আগামী ২০ তারিখে দেশে ফিরবেন। সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]